শাওমির নতুন স্মার্ট ব্যান্ড, এক চার্জে চলবে ২০ দিন!

২১ নভেম্বর, ২০১৯ ১৭:১০  
ভারতের বাজারে এমআই আনল ব্যান্ড ৩আই। বাজারে থাকা এমআই ব্যান্ড এইচআরএক্স মডেলের উন্নত ভার্সন এই ৩আই ব্যান্ড। বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে এমআই-এর ওয়েবসাইটে গিয়ে বুক করা যাবে স্মার্ট ব্যান্ডটি। ভারতের বাজারে এটির দাম রাখা হয়েছে ১২৯৯ রুপি। এই স্মার্ট ব্যান্ডে রয়েছে, ০.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। সংস্থার দাবি, ৫০ মিটার গভীর জলে ১০ মিনিট ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না এই ব্যান্ড। এতে রয়েছে ক্যালোরি ট্র্যাকার, যা দিয়ে নিত্যদিন খরচ হওয়া ক্যালোরির হিসাব রাখা যাবে। কল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের নোটিফিকেশনও দেখা যাবে এই স্মার্ট ব্যান্ডে। ফোন এলে ধরাও যাবে এই ব্যান্ডের মাধ্যমে। তবে ৩আই ব্যান্ডের সবথেকে আকর্ষণীয় ফিচার হল ব্যাটারি লাইফ। সংস্থার দাবি অনুসারে, এক বার চার্জ দিলে ২০ দিন চলবে এটি। এমআই সংস্থার তরফে জানা গিয়েছে, ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই স্মার্ট ব্যান্ড। তবে আপাতত কালো রঙের মডেলটিই পাওয়া যাবে বাজারে।